আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী ও জনসাধারনের যাতায়াতের পথ নালা কেটে বন্ধের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিন্ডার গার্ন্টেন কর্তৃপক্ষ ও যাতায়াতকারী সাধারন লোকজন গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের তর্কবাগিস রোড সংলগ্ন গৈলা কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের প্রবেশ পথে নালা কেটে বন্ধ করার পায়তারা করছে একই এলাকার মৃত গোবিন্দ মন্ডলের স্ত্রী আশা রানী মন্ডল। এই কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠার একশত বছর পূর্ব থেকেই এই রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার শতশত লোকজন যাতায়াত করে আসছে। গত দুইদিন ধরে রাস্তার মাঝে গর্ত করে মাটি কাটা শুরু করেন গোবিন্দ মন্ডলের স্ত্রী আশা রানী মন্ডল। এলাকাবাসী বাধা দিলেও আশা রানী মাটি কাটা বন্ধ না করে তাদের গালমন্দ করছে। মাটি কেটে রাস্তার মাঝে গর্ত করায় ওই কিন্ডার গার্ডেনে আসা যাওয়ার সময় ওই নালায় পরে শিশু শিক্ষার্থীদের হাত-পা ভাংঙ্গাসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে বলে বিদ্যালয়ে শিক্ষকরা জানান। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাস্তাটি পাকা করনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার পল্লীউন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সংসীয় কমিটি সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। এর পূর্বেও আশা রানী একাধিকবার রাস্তাটিতে গর্ত করে রাখার কারনে স্থানীয়রা দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইউপি চেয়ারম্যান লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ইউপি সদস্য বাদল সেরনিয়াবাত, কুদ্দুস মোল্লা ও জামাল হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়ে রাস্তার মাটি কাটা বন্ধ করে দেয় এবং অভিযুক্ত আশা রানী মন্ডলকে ইউনিয়ন পরিষদে হাজির হয়ে জবাব দেয়ার জন্য বলা হয়েছে। গতকাল বুধবার সকালে ইউএনও বিপুল চন্দ্র দাসের নির্দেশে উপজেলা এলজিইডি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমানকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।









