খুলনার ডুমুরিয়ায় প্রায় দুই কোটি টাকা মূল্যের আইস নামক মাদক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে সাতক্ষীরা-খুলনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ওই মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নিয়েছে।
এরা হলেন বাস চালক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রমজান শেখের ছেলে বিল্লাল শেখ (৪০) ও হেলপার একই জেলার কালিগঞ্জ থানার মৃত কালিপদ অধিকারীর ছেলে সুকুমার অধিকারী (৩৫)।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে খুলনাগামী ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে একটি কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে ২কেজি আইস নামক মাদক পাওয়া যায়। এর মধ্যে দুটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। এ সময় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেয়। মাদক বহনের জন্য বাসটিও জব্দ করা হয়েছে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানায়, জব্দ হওয়া আইস মাদক দেখতে সাগু দানার মত। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। চালক ও হেলপারকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
Please follow and like us:






