ডুমুরিয়ায় পুলিশের ভূয়া এস আই পরিচয়ে শরীফ হাসানুল মান্না ওরফে বাবু (৩৭) নামের এক প্রতারক আটক হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার মিকশিমিল বাজারের একটি দোকান থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। তিনি সাতক্ষীরা সদরের আগরদাড়ি এলাকার রেজাউল গাজীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল বাজারের সরদার ষ্টেশনারি দোকানে যান শরীফ হাসানুল মান্না নামের এক যুবক। এরপর তিনি বেশ মুডের সাথে খোঁজ খবর নেন। এ সময় তার কাছে খেলনা পিস্তল, হ্যান্ডকাপ দেখা যায়। এক পর্যায়ে তিনি পরিচয় দেন আমি পুলিশের এস আই এবং দোকান থেকে কিছু কসমেটিক্স সামগ্রী নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চান। তখন দোকানদারসহ আশপাশের লোকজনের তার ওপর সন্দেহ হয়। পরে তার কাছে থাকা পরিচয় পত্র, পিস্তল ও হ্যান্ডকাপ সবই খেলনা ও নকল হিসেবে ধরা পড়ে এবং তিনি নিজেই ভূয়া পুলিশ তা স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার সত্যতা স্বীকার করে রঘুনাথপুর তদন্ত ক্যাম্পের অফিসার ইনচার্জ শেখ শাহজান জানান, ভুয়া এস আই পরিচয়ে এক প্রতারককে ধরে জনতা পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার তার বিরুদ্ধে মামলা হয়েছে।
Please follow and like us:









