খোকন হাওলাদার, বরিশাল:- ঘূর্নিঝড় তিতলির প্রভাবে বরিশাল নদী বন্দর থেকে সকল প্রকার নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ফলে বরিশাল লঞ্চ ঘাট থেকে বরিশাল-ঢাকা ও অভ্যন্তরীন রুটে সকল প্রকার লঞ্চ, ট্রলার ও পন্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, ঘূর্নিঝড় তিতলির কারণে দেশের প্রায় সর্বত্রই নদী পথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অফিসের সিগনাল অনুযায়ী বুধবার বিকেল থেকে বরিশাল নৌ-বন্দরের জন্যও এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘূর্নিঝড় তিতলীর প্রভাব কেটে গেলে পরবর্তী নৌযান চলাচলের সিদ্ধান্ত দেয়া হবে।
এদিকে ঘূর্নিঝড় তিতলীর প্রভাবে বরিশালে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। আকাশ মেঘাছন্নের পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কর্মজীবি মানুষ একবারে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বের হচ্ছেন না। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়া না থাকলেও গত ২৪ ঘন্টায় বরিশালে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর এখনও উত্তাল রয়েছে।
Please follow and like us:









