উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম নাজির আহম্মেদ (৩৫)। সে নড়াইলের পার্শ্ববতী জেলা মাগুরার শালিখা উপজেলার মধুখালী মধ্যপাড়া গ্রামের আকরাম মোল্যার ছেলে। জানা গেছে, বুধবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নাজির নড়াইলে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নড়াইলের সদর হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে মর্মে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আশিকুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই তৌহিদ, এএসআই আলমগীর, কনস্টেবল ওলিয়ার, সাজ্জাদ, আজাদ হুসাইনকে সাথে নিয়ে সদর হাসপাতাল এলাকায় গিয়ে সন্দেহজনকভাবে নাজিরের দেহ তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে ডিবি পুলিশ সদস্যরা তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করে। ইয়াবা উদ্ধারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে জানায়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, নড়াইলে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলার কারণে নড়াইল জেলা এখন প্রায় মাদকশূন্য। এই সুযোগে পার্শ্ববর্তী জেলার কিছু মাদক ব্যবসায়ী লোকচক্ষুর অন্তরালে নড়াইল জেলায় মাদকের অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।









