বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর বদলগাছীতে শিক্ষকের বেত্রাঘাতে ৫ম শ্রেনীর স্কুল ছাত্রের চোখে মারাত্বকভাবে আঘাত প্রাপ্ত হয়। জানা যায়, গতকাল রোববার বেলা ২ টার পর উপজেলার আধাইপুর ইউপি’র বেগুনজোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ নাদিম হোসেন স্কুল সংলগ্ন বাড়িতে টিফিন খাওয়ার জন্য যায়। এতে প্রধান শিক্ষক মোঃ শাহরিয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে মোঃ নাদিম হোসেনকে বেদম মারপিট করে। ছাত্রের আর্তচিৎকারে অন্যান্য শিক্ষক ও এলাকার লোকজন ছুটে এসে তাকে ওই শিক্ষকের কাছ থেকে উদ্ধার করে। মোঃ নাদিম হোসেন বাম চোখে গুরুতরভাবে আঘাত পায়। ছাত্র নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসি প্রধান শিক্ষক শাহরিয়ার হোসেনকে স্কুলের অফিস কক্ষে জিম্মি করে রাখে। আহত ছাত্রকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান হাসপাতালে শিশুটিকে দেখতে যান। উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর গ্রামবাসি ওই প্রধান শিক্ষককে জিম্মি দশা থেকে মুক্তি দেয়। আহত ছাত্র নাদিম হোসেন বেগুনজোয়ার গ্রামের নান্নু রহমান এর ছেলে বলে জানা যায়। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান জানান, বিষয়টি নিয়ে আমি মর্মাহত এবং ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সংগে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান আমি বিষয়টি নিয়ে নওগাঁ জেলা প্রশাসকের সংগে কথা বলেছি এবং ঐ শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









