সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের যমুনা সেতু টোল প্লাজার উত্তরে এক অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর যৌথ টহল দল।
আজ শুক্রবার (৩০ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং র্যাব-১২ এর একটি বিশেষ ইউনিট যৌথভাবে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে একটি প্রাইভেটকারকে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা একজন ব্যক্তিকে আটক করা হয়।
পরে আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্যসহ যমুনা পশ্চিম থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একজন কর্মকর্তা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের মহাসড়কগুলোতে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তদারকি বাড়ানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে যেন কোনো অসাধু চক্র মাদক বা অবৈধ পণ্য পরিবহন করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তথ্যটি নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, র্যাব অফিস থেকে আমাকে ফোন দিয়েছিলো। বর্তমানে আমি মহাসড়কে ডিউটিতে রয়েছি এ বিষয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।






