হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রাক-প্রাথমিক পর্যায়ের বার্ষিক মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ ডিসেম্বর সকাল ১০টায় একযোগে প্রকল্পের আওতায় সকল মন্দির ভিত্তিক বিদ্যালয়গুলোর পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
পরীক্ষা চলাকালীন সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে।
এসময় শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দির কেন্দ্র সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, শিক্ষার্থীদের পরীক্ষা মুল্যায়নসহ সার্বিক বিষয় অবলোকন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর আঞ্চলিক প্রকল্প পরিচালক আতাউর রহমান, ফিল্ড সুপারভাইজার বিদ্যা রায়, শিক্ষিকা মাধবী রাণী দাসসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।








