গাজীপুরের শ্রীপুরে ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন (জিবিভি) প্রতিরোধে কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯জুলাই) সকাল ১১টায় পৌর এলাকার আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এক কর্মপরিকল্পনা ও সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
কর্মপরিকল্পনা সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ফোকাল গ্রুপপ ডিসকাশন (এফজিডি) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ।
প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি মুক্ত পাবলিক ও প্রাইভেট স্পেস তৈরি করার উদ্দেশ্যকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদি প্রকল্পটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে।
এই প্রকল্পের আওতায় গাজীপুরসহ রাজশাহী, ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল ও চট্টগ্রাম জেলার মোট ২৫০টি মাধ্যমিক বিদ্যালয়, ২০টি বিশ্ববিদ্যালয়, পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয় ও সমাজে নারী ও মেয়ে শিশুর প্রতি যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং বুলিং-এর মতো অপরাধ রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। গবেষণালব্ধ তথ্যের আলোকে শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
ব্র্যাক শিখা প্রকল্প স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে গাজীপুর জেলায় আগামী চার বছরে ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা, গণপরিবহন, পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম ও কমিউনিটিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।
উক্ত কর্মপরিকল্পনা সভায় ব্র্যাক শিখা প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা তাজুল ইসলাম, ভলান্টিয়ার ফারহানা তাজনীন ও মুহসিনা আক্তার। এছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।










