সিরাজগঞ্জের প্রবীণ বিএনপি নেতা ও সংগঠক নাজমুল হক বাবলা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
মরহুম নাজমুল হক বাবলা সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রয়াত জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মির্জা মোরাদুজ্জমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ছিলেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে পৌর যুবদলের সাধারণ সম্পাদক এবং পরে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন এবং সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আজ বাদ আসর মালশাপাড়া কবরস্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে দাফন কার্য সম্পন্ন করা হবে। মরহুমের নামাজে জানাজায় বন্ধু, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তার পরিবার।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, নাজমুল হক বাবলা ছিলেন সিরাজগঞ্জ বিএনপির এক নিবেদিত প্রাণ সংগঠক। তার মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
প্রবীণ এই নেতার মৃত্যুতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।









