, || - ||

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে চায় তাদের দলে দরকার নেই – তথ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ একটি গণমানুষের দল। যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে চায় তাদের এ দলে দরকার নেই। যারা এখন আওয়ামী লীগ করছেন কিন্তু অতীতে করেননি তারা আওয়ামী লীগের দুঃসময় দেখেননি।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরুর আগে গাইবান্ধা সার্কিট হাউজে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচনের খুব বেশীদিন আর বাকি নেই। তাই দুই বছর পরই নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এসময় দেখবেন শীতে যেমন অতিথি পাখিরা আসে। তেমনি নির্বাচনের সময়ও বিএনপিসহ অন্যান্য দলের নেতাদের অতিথি পাখির মতো আনাগোনা দেখা যাবে দলে। এমন অতিথিদের লাল কার্ড দেখিয়ে দিতে হবে। যারা দুঃসময়ে গত কয়েক বছর ধরে জনগণের পাশে আছে এবং থাকবে তাদেরকে ভোট দিতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতায় আছি বিধায় বেপরোয়া হওয়া যাবে না। আমাদের বিনয়ী হতে হবে। হৃদয় মানুষকে মহান করে। আমাদের দল যাতে করে অব্যাহত ভাবে দেশ পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে। তাই সকলকে চোখ-কান খোলা রেখে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উত্তরাঞ্চল সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা-৩ আসনের সাংসদ ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামছুল আলম হিরু, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

Please follow and like us: