প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে সিরাজগঞ্জ জেলায় ৪০৯ বাড়ি হস্তানন্তর করবেন । এছাড়াও আরও ১২৪ টি গৃহ আগামী জুন ২০২২ এর মধ্যে নির্মাণ করে ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি আশ্রয়ণ প্রকল্প অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবেন।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, আশ্রয়ণ-২-এর তৃতীয় ধাপে বাড়িগুলোকে আরও টেকসই ও জলবায়ু-সহনশীল করতে সরকার খরচ বাড়িয়েছে এবং নকশায় পরিবর্তন এনেছে। এখন ভূমিহীন ও গৃহহীনরা দুই দশমিক দুই শতাংশ জমিসহ উন্নত মানের আবাস পাবেন। তিনি আরো বলেন বাড়িগুলোকে আরও টেকসই ও দর্শনীয় করতে বাড়ি প্রতি খরচ ১ লাখ ৯১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণা-অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে আবাসন কার্যক্রমের একটি বিশেষ সংযোগ রয়েছে। বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একক বাড়ি নির্মাণ প্রধান ভূমিকা রাখতে পারে। আবাসন শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সাথে সম্পর্কিত।