পঞ্চগড়ের আটোয়ারীতে পরিচালিত অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ রিং জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (২০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকার খাল বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাল বিল ও জলাশয়ে পেতে রাখা ১১টি চায়না দুয়ারি জাল ও প্রায় চার হাজার ফুট রিং জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা মৎস্য অফিস চত্বরে প্রকাশ্য জনসম্মুখে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, অসাধু জেলেরা এবং সাধারণ মাছ শিকারীরা রিং ও চায়না দুয়ারিসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে। এতে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে। তিনি বলেন, চায়না রিং জালে ছোট-ছোট মাছ ছাড়াও বিভিন্ন পোকামাকড়, কীটপতঙ্গ এবং জলজপ্রাণি আটকা পড়ে। যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালগুলো ব্যবহার নিষিদ্ধ বিধায় জব্দ করা হয়। আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। মৎস্য কর্মকর্তা বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব।
, || - ||
আটোয়ারীতে অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: