সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও আনন্দ, উচ্ছাস আর বিদায়ের করুণ সুরের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে সন্ধায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নিয়েছেন দেবী দুর্গা। সেই সঙ্গে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আটোয়ারী উপজেলায় মোট ৩০ টি দুর্গামন্ডপের মধ্যে বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিভিন্ন জলাশায়ে পৃথক পৃথকভাবে উপজেলার কেন্দ্রিয় দুর্গা মন্ডপের প্রতিমাসহ ২৩ টি মন্ডপের দেবী দুর্গার প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর নুনুমন্ডল হাট দুর্গামন্ডপের প্রতিমাসহ অবশিষ্ট সাতটি দুর্গা মন্ডপের দেবী দুর্গার প্রতিমাগুলো বিভিন্ন জলাশয়ে পৃথক পৃথকভাবে বিসর্জন দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। আটোয়ারী কেন্দ্রিয় পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু বলেন, আমরা ভারাক্রান্ত হৃদয়ে দুর্গা মাকে বিদায় জানালাম। মা আমাদের মঙ্গলের জন্য, অসুর বধ করার জন্য ধরাধামে এসেছিলেন। আমরা মায়ের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যাতে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। অন্যায় অপরাধ দুর হোক। আগামীতে দেশ যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সব মানুষের মঙ্গল হয়, এটাই মায়ের কাছে প্রার্থনা। দশমীর সকালে মন্ডপ ও মন্দিরে পূজার অন্যতম প্রধান আচারে অংশ নেন নারীরা। দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করে তারা দেবীর শক্তির প্রতি শ্রদ্ধা জানান। এরপর একে অপরের গায়ে সিঁদুর মেখে জীবনের সমৃদ্ধি কামনা করেন। দুর্গাপূজার শুরু হতে প্রতিমা বিসর্জন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকা ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিসর্জন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। এবারের দুর্গা মন্ডপগুলো নিরাপত্তায় পর্যাপ্ত আনসার বাহিনী ছিল। এ ছাড়া সার্বক্ষনিক পুলিশের টহল দল, ফায়ার সার্ভিস, পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল কাজ করেছে। প্রতিটি দুর্গামেন্ডপ এলাকা ছিল সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। মন্ডপগুলো সার্বক্ষনিক তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানসহ একাধিক ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন ও পুলিশ সুপার মোঃ আবু সাইম দুর্গা মন্ডপগুলো পরিদর্শন করেছেন। জনৈক পুরোহিত বলেন, দেবী দুর্গার প্রতিমা বিসর্জন হলো শারদীয় দুর্গোৎসবের সমাপনী অনুষ্ঠান। বিজয়া দশমীর দিনে দর্পণ, বিসর্জন, বিহিত পূজা, সিঁদুর খেলা এবং শোভাযাত্রার মাধ্যমে দেবী দুর্গাকে কৈলাসে স্বামীর গৃহে বিদায় জানানো হয়। এদিন সকালে দেবীর প্রতিমার সামনে আয়নায় রূপ প্রতিবিম্ব ফেলে বিসর্জনের বিশেষ পূজা সম্পন্ন করা হয়। নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এবং নিজেদের রাঙিয়ে মঙ্গল কামনা করেন। ঢাকের বাদ্য ও বিজয়ার শুভেচ্ছার মধ্য দিয়ে প্রতিমা নদী বা জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। বিসর্জন শেষে ভক্তরা একে অপরকে মিষ্টি মুখ করার ও গুরুজনদের প্রনাম করে আশির্বাদ নেন।
, || - ||
আটোয়ারীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: