হাম-রুবেলা প্রতিরোধে সারাদেশে টিকাদান কর্মসূচির শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতেও এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এমআর ক্যাম্পেইন-২০২৬ উপজেলা কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। মিটিংয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। মিটিং শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মূল টিকাদান কেন্দ্রে হাম-রুবেলা টিকার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। এসময় প্রধান অতিথি বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে। কোন শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে মাঠ পর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের মূল কেন্দ্র সহ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১৪৫ টি টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এতে স্বাস্থ্য বিভাগের জনবল ছাড়াও ২৯০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে । ৬ ইউনিয়নের জন্য ৬জন সুপারভাইজার দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, উপজেলায় ৬মাস থেকে ৫বছরের কম বয়সী ১৬,১৭৬ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে কমিউনিটি পর্যায়ে ১৩,৭৬৪ জন এবং স্কুল পর্যায়ে ২,৪১২ জন শিশু এই টিকা গ্রহণ করবে। তিনি বলেন, শিশুর জ্বর রয়েছে বাব র্তমানে অসুস্থ, তাদের এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দিতে হবে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে হামের টিকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রুবেলা গর্ভবতী নারীর জন্যও জটিলতা তৈরী করতে পারে। তাই সময়মতো টিকা নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: