নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সভাপতির বক্তব্যে ইউএনও সাজিয়া তাহের বলেন, ছাগলনাইয়ায় ইভটিজিং বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি তবে মেয়েদের ১৮ বছরের কম বয়সেও অনেক অভিভাবক বিয়ে দিচ্ছে। বাল্য বিবাহের অভিযোগ যখনই পাচ্ছি আমরা দ্রুত সে বিয়ে বন্ধ করছি। যদি কোনো অভিভাবক ১৮ বছর থেকে একদিন কম বয়সেও তার মেয়ে বিয়ে দেয় আমরা তাকে আইনের আওতায় আনবো। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। এসময় তিনি লোকাল বাস সার্ভিস চালুর বিষয়ে বলেন, এ বিষয়ে আমরা জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছি। উত্তর পেলেই ব্যবস্থা নেয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, ছাগলনাইয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও মাদকের অবস্থান শুন্যের কোটায় আসেনি। মাদকের ব্যাপারে কোনো আপোষ হবেনা। মাদকের বিষয়ে প্রধান মন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে আমরা কাজ করছি। মাদকের সাথে জড়িত ব্যক্তি আমাদের সকলের শত্রু। তাই এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে কে আপন কে পর সেটা ভুলে গিয়ে নিজেকে অন্ধ ভেবে অপরাধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
Please follow and like us: