প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আজ একটি অনাকাক্ষিত এবং দুঃখজনক পরিস্থিতির প্রেক্ষিতে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমান্ত্রণে সাড়া দেয়ার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শান্তির জনপদ পঞ্চগড় ঐতিহ্যগতভাবে শান্তি ও ধর্মীয় সম্প্রীতির প্রতীকরূপে বিবেচিত হয়ে আসছে। পঞ্চগড় শহরতলীতে অবস্থিত আহমদনগর ও শালশিড়ি গ্রামদুটি আহমদীয়া মুসলিম জামা’তের সদস্য অধ্যুষিত। আহমদীসহ অত্র এলাকার সকল ধর্মমতের জনগণ এখানে দীর্ঘ কাল যাবত শান্তি ও সম্প্রীতিতে বসবাস করে আসছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, গত কয়েক বছর ধরে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টির প্রয়াস চালানো হচ্ছে। যেখানে বিগত ৭২ বছর যাবত “কাদিয়ানী” বা আহমদীয়া কোন ইস্যুই ছিলো না সেখানে হঠাৎ করে এই ইস্যু তুলে এলাকায় অশান্তি করে এবং জনমনে আতংক সৃষ্টি করা হচ্ছে। আহমদী মুসলমানদের বিরুদ্ধে অসত্য, মনগড়া ও বিকৃত তথ্য উপস্থাপন করে সাধারণ জনগনকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে উষ্কে দেয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে। অথচ আহমদীরা অর্থাৎ আমরা মুসলমান। ইসলামের মূল পাঁচটি স্তম্ভঃ কলেমা লা’ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ –এর উপর অকৃত্তিম বিশ্বাস এবং শরিয়তের বিধান এবং সুন্নতে রসুল (সাঃ) অনুযায়ী নামায, রোযা, যাকাত এবং হজ্ব পালন করে থাকি। আহমদীয়া মুসলিম জামা’তের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্যা গোলাম আহমদ (আঃ) যাঁকে আমরা ইমাম মাহদীরূপে বিশ্বাস করি, তিনি তাঁর কিশতিয়ে নূহ নামক পুস্তকে লিখেছেন, “মানবজাতির জন্য জগতে কুরআন ব্যতিরেকে আর কোন ধর্মগ্রন্থ নাই এবং আদম সন্তানের জন্য এখন হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ) ব্যতিরেকে অন্য কোন রসুল ও শাফায়াতকারী নাই” (কিশতিয়ে নূহ ১৬ পৃষ্ঠা)। এধরণের অসংখ্য উধৃতি ও বক্তব্য আহমদী জামা’তের পবিত্র প্রতিষ্ঠাতা এবং তাঁর স্থলাভিষিক্ত খলিফাগণ করে গেছেন। অথচ এতসব বিদ্যমান থাকা সত্বেও আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়ে থাকে। আমাদের লেখা গুলো থেকে খন্ডিত উধৃতি ও উর্দূ থেকে ইচ্ছাকৃতভাবে ভূল অনুবাদ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আমাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এসব মিথ্যা ও মনগড়া বক্তব্যের প্রতিবাদ করি।
প্রিয় বন্ধুগণ,
এবার আসি গতকালের ঘটনায়। সালানা জলসা বা বার্ষিক সন্মেলন আমাদের একটি নিয়মিত প্রোগ্রাম। এবারের জলসাটি ছিল আমাদের ৯৮তম জাতীয় সালানা বা বার্ষিক জলসা, অর্থাৎ ইতিপূর্বে আমদের ৯৭টি জলসা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে স্থান সংকুলান হয় না বিধায় পঞ্চগড়ের আহমদনগরে আমাদের সদস্য অধ্যুষিত স্থানে আমরা আমাদের সালানা জলসার স্থান নির্ধরণ করেছি। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের যে কোন স্থানে আমাদের জায়গা কেনার এবং অবকাঠামো নির্মানের অধিকার রয়েছে। যেহেতু আহমদনগর ও শালশিড়িতে আমাদের বিপুল সংখ্যক সদস্য রয়েছেন, তাই সর্বিক অবস্থা বিবেচনায় আমরা এখানে জাতীয় জলসা আয়োজনের ব্যবস্থা করছি ২০১৯ থেকে। যদিও একই স্থানে আরও কয়েক বছর আগে থেকেই আমাদের রংপুর অঞ্চলের আঞ্চলিক জলসা হয়ে আসছিলো।
আপনার অবগত আছেন যে, ২০১৯ সালে সর্বপ্রথম আমাদের এই জলসা নিয়ে বিভ্রান্তি এবং বিরোধিতার সূত্রপাত হয়। ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারী আচমকা অত্রঞ্চলের আমাদে সদস্যদের বাড়িঘরে আক্রমণ, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। আমাদের অনেক সদস্যকে আহত করা হয়, আর্থিক ক্ষয়ক্ষতি করা হয়। যাইহোক, প্রশাসনের সহযোগিতায় আমরা ২০১৯ সালে একদিনের এবং ২০২০ ও ২০২২ সালে তিন দিনের জলসা অনুষ্ঠান করি। করোনা মহামারির কারণে ২০২১ সালে কোন জলসা অনুষ্ঠিত হয় নি। চলতি বছরও আমরা স্থানীয় এবং কেন্দ্রীয় প্রশাসন এবং সরকারের বিভিন্ন স্তরে যোগাযোগ করে ৩, ৪ ও ৫ মার্চ আমাদের ৯৮তম সালানা জলসা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করি। আমাদের নিজস্ব তথা ক্রয়কৃত দেয়ালঘেরা ভূমিতে, নিজস্ব সদস্যদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এবিষয়ে স্থানীয় তথা জেলা প্রশাসনের সাথেও আমরা নিয়মিত বৈঠক ও যোগাযোগ রেখেছি এবং তাঁদের প্রদত্ব বিভিন্ন গাইডলাইনের মধ্যেই আমরা আমাদের জলসা অনুষ্ঠানের আয়োজন করি।
কিন্তু দুঃখের বিষয়, জলসা অনুষ্ঠানের ঠিক একদিন আগে একটি পক্ষ আমাদের জলসা বন্ধ এবং আচমকা আমাদের কয়েকটি বাড়িতে আক্রমণ করে। যাইহোক, ঐদিন সন্ধ্যায় প্রশাসনের উচ্চ পর্যায়ের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আমাদের জলসা শুরু করি। কিন্তু জলসা শুরু হওয়ার পরপরই কিছু সংখ্যক উগ্র ও দুষ্কৃতিকারী আমাদের জলসা গাহ এর চারপাশের বাড়িঘরে আক্রমণ শুরু করে। তারা বাড়িগুলোতে আক্রমণ, লুটতরাজ এবং অগ্নি সংযোগ করে। এমতাবস্থায় প্রথম তিন ঘন্টা আমরা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন সহায়তা পাইনি। অত্র এলাকায় তাদের উপস্থিতি থাকলেও অজ্ঞাত কারণে তারা নিষ্কৃয় থাকেন। এবিষয়টি আমাদেরকে বিস্মিত ও ব্যথিত করেছে। দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের সদস্যদের উপর চড়াও হয়, ইটপাটকেল ছোড়ে। তারা আমাদের এক তরুন সদস্য ইঞ্জিনিয়ার জাহিদ হাসান (বয়স ২৩ বছর), পিতা আবু বকর সিদ্দিক, ঠিকানাঃ বনপাড়া, নাটোরকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে হত্যা করে। এছাড়া প্রায় ৭০জনকে আহত করে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে প্রথমে পঞ্চগড় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর আহতদের এখন ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে।
শালশিড়িতে আমাদের ৮১টি বাড়ি এবং আহমদনগরে প্রায় অনুরূপ সংখ্যক (যা দের শ’ এর অধিক) বাড়ি আক্রমণ, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া পঞ্চগড় বাজারে আমাদের সদস্যদের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানেরও ক্ষতি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা (আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি)।
প্রিয় সাংবাদিক ভাইগণ!
ধর্মের নামে এধরণের কান্ড কি পবিত্র ধর্ম ইসলামের বিরোধী নয়? ইসলামে বিভিন্ন ফির্কা রয়েছে। মহানবী (সাঃ) ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, পূর্ববর্তী উম্মতের ন্যায় তাঁর উম্মতও ৭৩ ভাগে ভাগ হবে। এদের মধ্যে কেবল একটি দলই সঠিক হবে। এর দ্বারা এটি সুস্পষ্ট যে, মুসলমানদের মধ্যে অনেক মতভেদ জন্ম নিবে, আর এজন্যই বিভিন্ন ফিরকার জন্ম হয়েছে। আহমদী মুসমানদের সাথে সেরকমই কোন কোন ক্ষেত্রে মতভেদ রয়েছে, আর তা হলো মূলতঃ ইমাম মাহদীর (আঃ) আগমণকে নিয়ে। আহমদী মুসলমানগণ বিশ্বাস করে যে, হযরত মির্যা গোলাম আহমদ হচ্ছে সেই প্রতিশ্রুত ইমাম মাহদী (আঃ) আর অন্যরা তাঁর আগমণের অপেক্ষায় রয়েছেন। আহমদী এবং অ-আহমদী মুসলমানগণের মধ্যে এটিই প্রধান পার্থক্য। অথচ আমাদের নামে অপপ্রচার করা হয় যে, আমরা নাকি হযরত মুহাম্মদ (সাঃ) খাতামান্নবীঈন মানি না। এটি আমাদের উপর সম্পূর্ণ একটি মিথ্যা অপবাদ। আরবী ভাষায় খাতাম শব্দের যত অর্থ আছে সব অর্থেই আমরা হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) কে খামান্নবীঈন মান্য করি।
প্রিয় বন্ধুগণ, সবশেষে একথাটিই বলতে চাই যে, আমরা এদেশের নাগরিক। আমাদের সংবিধান আমাদেরকে স্বাধীনভাবে আমাদের ধর্মকর্ম পালনের অধিকার প্রদান করেছে। আমরা আশাকরবো সরকার ও প্রশাসন আমাদের সেই অধিকার সংরক্ষনে সর্বোচ্চ ব্যবস্থা নিবেন এবং নিশ্চিত করবেন। একই সাথে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং ভবিষ্যতে এধরণের ঘটনার যেন পুণরাবৃত্তি না ঘটে তার নিশ্চয়তা প্রদান করবেন।
আপনাদেরকে ধন্যবাদ।