২৮ সেপ্টেম্বর ২০২৩ আহমদীয়া মুসলিম জামাতের যুব সংগঠন ‘মজলিস খোদ্দামুল আহমদীয়া’ খুলনা রিজিওনের উদ্যোগে খুলনা জেলার প্রত্যন্ত এলাকা দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজারে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান জনাব আছের আলী মোড়ল ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন রিজিওনাল কায়েদ, জেলা কায়েদ, সুন্দরবন ও ঘড়িলালের কায়েদ সহ ২০ জনের একটি টিম। ক্যাম্পে এ্যালাপ্যাথি, হোমিওপ্যাথি উভয় বিভাগে সেবা প্রদান করা হয়। এছাড়া ডায়াবেটিস, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প শেষে সকল কর্মীরা মিলে একটি স্মারক বৃক্ষরোপন করা হয় স্কুল প্রাঙ্গনে।
উক্ত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ঢাকা থেকে আগত মেডিসিন, গাইনি ও প্রসুতি সহ যাবতীয় রোগের বিশেষজ্ঞ ডাক্তারগণ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আহমদীয়া মুসলিম যুব সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় প্রতিনিধিরা ছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
উক্ত সংগঠনের রিজিওনাল প্রতিনিধি শেখ মুহাম্মদ ওমর এ বিষয়ে সপ্তর্ষি প্রতিনিধিকে বলেন: আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরণের মানব সেবামূলক কাজ নিয়মিতই করে থাকি। আত্ম মানবতার সেবায় প্রেরণায় বিশ্বব্যাপী আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানবসেবা করে থাকি।
স্থানীয় নেতৃবৃন্দ আহমদীয়া যুবসংগঠনের এ মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।