সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামে কামরুজ্জামান নামের একটি পরিবারকে একঘরে করার অভিযোগ অস্বীকার করেছেন এলাকাবাসী। শনিবার (১৬ আগস্ট) দুপুরে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ এক সংবাদ সম্মেলনে এ দাবি করে বলেন কামরুজ্জামানের পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে মসজিদের অর্থ আত্মসাৎ করার কারণে তাকে কমিটির অর্থ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া, জমি বিক্রি করে ভুক্তভোগীদের জমি বুঝিয়ে না দেওয়া, এবং ইন্স্যুরেন্সের টাকা আত্মসাৎ করার বিষয় উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, তার বাড়ির চারপাশে কোনো বেড়া দেওয়া হয়নি। সংবাদে যেটি বেড়া দেখানো হয়েছে, তা আসলে জমির সীমানা নির্ধারণের জন্য দেওয়া বেড়া। সরেজমিনে তদন্তেও একঘরে করার প্রমাণ মেলেনি বলেও তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী তাইনূস ইসলাম, ইটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম সেখ, বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার হোসেন সরকার, ব্যবসায়ী শহিদুল ইসলাম খান, আবু সাঈদ খানের স্ত্রী আমিনা বেওয়া, মৃত আব্দুল ওয়াদুদের স্ত্রী সুচনা বেওয়া, মো. ময়নাল হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ঝন্টুসহ অনেকে।