কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রতিটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীদের খোঁজ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকাসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দিচ্ছে পুলিশ।
এতে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। এরপরও কতিপয় প্রবাসী সরকারি নির্দেশনা না মেনে নিজের ইচ্ছে মতো বাইরে চলাফেরার অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে চৌদ্দগ্রাম থানায় প্রবেশের সময় প্রত্যেককে হাত ধোয়ার ব্যবস্থা করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ।
জানা গেছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করায় ইতোমধ্যে দেশে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীদের খোঁজ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকাসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দিচ্ছে পুলিশের এসআই ও এএসআইবৃন্দ।
সোমবার চৌদ্দগ্রাম থানার এএসআই সুমন দাশ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে পৌরসভার পূর্ব চান্দিশকরা গ্রামের ওমান প্রবাসী প্রাণবিন্দু সূত্রধর, কিং শ্রীপুর গ্রামের বাহরাইন প্রবাসী মুরাদ হোসেন টিপু, ফিরোজ হোসেন রাসেল, সোনাকাটিয়া গ্রামের ডুবাই প্রবাসী জহিরুল ইসলাম রুবেল, তাজুল ইসলাম, গোমারবাড়ি গ্রামের বেলজিয়াম প্রবাসী শাহাদাত হোসেনের বাড়িতে গিয়ে সচেতনতামূলক পরামর্শ দেন।
এতে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা। কিন্তু গত কয়েকদিন ধরে পুলিশ বাড়িতে গেলে পালিয়ে যাচ্ছে চিওড়া ইউনিয়নের কাপড়চতলী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোশারফ হোসেন পাটোয়ারী, জাকির হোসেন, কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামের ইতালী প্রবাসী ছুট্টু মজুমদারসহ কতিপয় প্রবাসী। তাদের হীন কর্মকান্ডে এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করেছেন।
অপরদিকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশ ও বিদেশে অবস্থানরত প্রবাসীদের জন্য পাঁচটি পরামর্শ দিয়েছেন সচেতন মহল। পরামর্শগুলো হচ্ছে; ১. প্রবাসী যারা বাংলাদেশে অবস্থান করছেন-আপনারা নিজের পরিবার-পরিজনের কথা চিন্তা করে হোম কোয়ারেন্টাইনে থাকুন।
কারণ-আপনার শ্রমের টাকায় সংসার চলে। বৃহত্তর স্বার্থে হোম কোয়ারেন্টাইনে থাকলে বেশি কষ্ট হবে না। অযথা বাইরে ঘুরাফেরা করে অন্যদের আতঙ্কিত করবেন না। আপনার জানা উচিত-দেশ ও জনগণের স্বার্থে সরকারের পক্ষ থেকে প্রবাসফেরত প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
দেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে আর কেউ বাইরে ঘুরাফেরা করবেন না। ২. দেশে থাকা অনেক প্রবাসী, তাদের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের দিয়ে অতিরিক্ত দামে পণ্য কিনেছেন। দেশে পণ্যের কোন ঘাটতি নেই। অযথা অতিরিক্ত দামে পণ্য কিনে অন্যদের ক্ষতি করবেন না। প্রশাসন বাজার মনিটরিং করছে-কেউ অতিরিক্ত দাম চাইলে অভিযোগ করুন।
দেখবেন প্রশাসন তাৎক্ষনিক ব্যবস্থা নিবে। ৩. আতংক নয়, দরকার সচেতনতা ও সতর্কতা। প্রবাসীরাই প্রকৃত নবাবজাদা বা রেমিটেন্সযোদ্ধা-এমন কথা বিবেচনা করে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা নিজের পরিবারকে সচেতন থাকার পরামর্শ দিন এবং নিজেও মেনে চলুন। ৪. আপনাদেরকে নিয়ে কতিপয় ব্যক্তির আচরণে অসন্তুষ্ট না হয়ে বরং ধৈর্য্য ধরুন। তাহলে শাস্তি-শৃঙ্খলা বজায় থাকবে। ৫. নিজে ধর্মীয় বিধি-বিধান মেনে চলুন, আশ-পাশের সবাইকে মেনে চলার পরামর্শ দিন।