একসঙ্গে তিনটি পুত্র সন্তান জন্ম দেওয়ায় ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে এক প্রসূতি মা একসাথে তিনটি পুত্র সন্তান প্রসব করেছেন। মা ও সন্তানরা সুস্থ আছেন।
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে কলারোয়ার একটি বেসরকারি ক্লিনিকে এক মায়ের একসাথে ৩টি সন্তান প্রসবের ঘটনা ঘটেছে।
জানা গেছে- উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের রাজমিস্ত্রি রাশিদুজ্জামানের অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা খাতুনের প্রসব বেদনা শুরু হলে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের পাশে অবস্থিত ‘কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতালে’ ভর্তি করা হয়। বিকাল ৪টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পরপর ৩টি পুত্র সন্তানের মা হন রেশমা খাতুন।
অপারেশন সম্পন্ন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক এবং বেসরকারি ওই হাসপাতালটির পরিচালক ডা.ইসমাইল হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডা.ইসমাইল হোসেন জানান- ‘অপারেশন সফল হয়েছে। মা ও তিন সন্তান সুস্থ আছে।’
এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে একনজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছেন বলেও জানা গেছে।