, || - ||

কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী একাব্বর আলীর মতবিনিময় সভা জনসমুদ্র পরিণত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী একাব্বর আলী আকব‌রের মতবিনিময় সভা জনসমুদ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ এশা ইউনিয়নের বনবাড়িয়া ঠাকুরট্যাক গ্রামে আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সভায় উপস্থিত মানুষের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে হাজী একাব্বর আলীর প্রতি মানুষের এই সমর্থন বলে দাবি করেন তাঁর অনুসারীরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, হাজী একাব্বর আলীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনে তাঁর পাশে থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও হাজী একাব্বর আলী দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন। তিনি কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক তিনবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী একাব্বর আলী বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মী, গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোকে সবসময় দায়িত্ব মনে করেছি। আগামী নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করলে দলমত-নির্বিশেষে সবার প্রতিনিধি হিসেবে কাজ করব। এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে কালিয়া হরিপুর ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

মতবিনিময় সভায় কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us: