বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাটের চিতলমারীতে পিটিয়ে আহত করেছে এক গৃহবধুকে। বুধবার রাত ১১ টায় গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কু-প্রস্তাব দেয়ায় জুতপেটা’র ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছে। থানায় মামলার প্রস্তুতি চলছিল।
আহত গৃহবধূর স্বামী হরিদাস পাইক জানান, তার স্ত্রী কবিতা পাইক (৩৫) কে প্রতিবেশী পলাশ মজুমদার দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ও সরাসরি কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত বুধবার বিকেলে শ্রীরামপুর গ্রামের একটি দোকানের সামনে বসে পলাশ মজুমদার কবিতাকে কু-প্রস্তাব দিলে কবিতা ও পলাশের মধ্য হাতাহাতি এবং জূতাপেটার ঘটনা ঘটে। এরই জের ধরে রাত ৯ টার দিকে পলাশের সিঙ্গাপুর প্রবাসী ছেলে প্রভাষ মজুমদার কবিতার বাড়ি হামলা চালিয়ে স্ত্রী কবিতাকে কুড়ালের আছাড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। রাতেই গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা কবিতাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহারুখ চৌধুরী জানান, অসুস্থ গৃহবধূ কবিতার চিকিৎসা চলছে। তার সম্পূর্ণ সুস্থ্য হতে কিছুদিন সময় লাগবে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।