কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে প্রথম বারের মতো স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্তভাবে বিধবা, বয়স্ক, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মাঠে ৮ শতাধিক ভাতা প্রত্যাশিদের মধ্য হতে প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য প্রার্থী বাছাই করা হয়।
এর আগে ইউনিয়ন জুড়ে ব্যাপক মাইকিং ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে নন্দলালপুর ইউনিয়নের বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী বাছাইয়ের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদে আহবান করা হয়। তাদের মধ্য হতে সকাল ১০ থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত তিন ক্যাটাগরিতে প্রকৃত বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী
ভাতাভোগী বাছাই করা হয়।
এ বাছাই প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন- কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার মেয়র জনাব মোঃ সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম খান
এছাড়াও উপস্থিত ছিলেন- সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী, নন্দলালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নওশের আলীসহ বাগুলাট চরসাদীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নন্দলালপুর ইউনিয়ন থেকে ৮৭ জনকে বয়স্ক ভাতা, ৬৩ জনকে বিধবা ভাতা, ১৬৯ জনকে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান করা হবে।