যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন বর্তমান মেওয়র মোঃ রফিকুল ইসলাম মোড়ল। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে কেশবপুর পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (৩০ জানুয়ারি) ঢাকায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় গণভবনে এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
এতে পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শহর যশোরের কেশবপুর পৌরসভায় নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় রফিকুল ইসলাম কে।
দুপুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রার্থীতালিকা ধানমন্ডির অফিসে টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে যশোর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে রফিকুল ইসলামের নাম রয়েছে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের টিকেটের দাবিদার ছিলেন বেশ কয়েকজন। এদের মধ্যে পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিলন মিত্র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ছিলেন।
গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।