মেহেদী হাসান, খুলনা থেকেঃ- একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তারা।
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত নেমেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটের পর) শুরু হয় মহানগরীর শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’ গানের করুণ সুরে কালো ব্যাজ ধারণ করে শহীদদের প্রতি এ শদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা বিভাগীয় প্রশাসন, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আওয়ামী লীগ, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, খুলনা জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে থাকেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও।