নয়া আলো ডেস্কঃ- খুলনায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থক দম্পতিকে কোপানোর ঘটনায় আট ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। হামলায় আহত মো. শুকুর হাওলাদার (৩৫)’র মামা ধলু শেখ বাদী হয়ে দৌলতপুর থানায় এ মামলা করেছেন। মামলা নং-১৬। তবে পুলিশ এখনো আসামিদের কাউকে আটক করেনি।
জানা যায়, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের পারফরমেন্স নিয়ে বিতর্কের জের ধরে সোমবার সকালে নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা এলাকায় আর্জেন্টিনা সমর্থক মো. শুকুর হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মিনু আক্তার (২৫) কে কুপিয়ে জখম করে ব্রাজিল সমর্থকরা। আহতদের ওই দিনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার গভীর রাতে এ ঘটনায় জড়িত আট ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে মামলা করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, বিশ্বকাপ ফুটবল নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। আহত শুকুর হাওলাদারের আত্মীয় ধলু শেখ বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩০৭/ ৩২৬/ ৫০৬/ ৩৭৯ ধারায় মামলা করেছেন। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।