গণভোটের মাধ্যমে পাওয়া জনমত এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের বাজার স্টেশন এলাকার পৌর মুক্তমঞ্চ থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
গণমিছিলের আগে পৌর মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মো. শহিদুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সদর থানা আমির অ্যাডভোকেট নাজেম উদ্দিন, পৌর আমির মো. আব্দুল লতিফ, খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা আমজাদ হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও কেন্দ্র নিয়ন্ত্রিত ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহিনুর আলম বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, সেটির যথাযথ বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে জুলাই সনদ দ্রুত কার্যকর করে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।
জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো টেকসই রাজনৈতিক সমাধান সম্ভব নয়। গণরায়ের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের দাবি আদায়ে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত। তাই বিলম্ব না করে দ্রুত এ দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।