, || - ||

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের গণমিছিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে শহরে একটি গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহাম্মাদ শহীদুল ইসলাম, বলেন, জনগণের ভোট ও মতামতের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিকল্প নেই। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এ সময় আরও বক্তব্য দেন শহর জামায়াতের আমির আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. আনোয়ার হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম এবং কেন্দ্র নিয়ন্ত্রিত শহর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের মুজিব সড়ক হয়ে চৌরাস্তা অতিক্রম করে শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরগা রোডে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে জেলা, শহর, উপজেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ থেকে বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

Please follow and like us: