গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের ডিবি রোডে অনলাইনভিত্তিক সংগঠন ‘আমাদের গাইবান্ধা’ এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
তাদের দাবী, সকল জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলছে। কিন্তু বরাবরের মতো উপেক্ষিত থাকছে গাইবান্ধা জেলা। গাইবান্ধা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার তবুও আমাদের গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ স্থাপনের কোন উদ্যোগ নেয়া হয়নি।
মানববন্ধনে বক্তব্য দেন, ‘আমাদেরগাইবান্ধা’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. সায়হাম রহমান, সাধারণ সম্পাদক মুসাভভির রহমান রিদিম, রক্তযোদ্ধা সংগঠনের ফাউন্ডার অলি আরব এবং রিয়াদুস সালেহীন রিজভী, বৈচিত্র্যময় বালাসীর সভাপতি মো. মিজানুর রহমান বিদ্যুৎ প্রমুখ।
এরআগে গাইবান্ধা পৌর পার্ক থেকে একটি মিছিল বের করা হয়। ‘দাবী মোদের একটাই গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’ স্লোগান নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিবি রোডে মানববন্ধন তৈরি করে।
মানববন্ধন থেকে বক্তারা দাবী বাস্তবায়নে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি’র দৃষ্টি আকর্ষণ করেন।