খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল জনসমুদ্রে পরিণত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে কয়েক হাজার দলীয় নেতাকর্মী, স্থানীয় সাধারণ মানুষ ও এতিম শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট মালেক মিন্টু, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউসুফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সিনিয়র সহ-সভাপতি মো. কাশেম এবং সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী ডালিম।
এছাড়াও জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলের সাংগঠনিক শক্তি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে এম. এন. আবছার বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার সুফল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।
তিনি আরও বলেন, খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের গণমানুষের নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। জনগণের অধিকার আদায়ে তিনি অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন থাকবেন। আজকের এই বিশাল জনসমাগম প্রমাণ করে সাধারণ মানুষ এখনও বিএনপির আদর্শ ও ‘ধানের শীষ’ প্রতীকের প্রতি আস্থাশীল। প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে নেতাকর্মীদের এই ঐক্য আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে শক্তি জোগাবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহারই মানুষকে কাছে টানতে পারে, কারণ জনগণই হলো বিএনপির মূল শক্তি।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন গুইমারা জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গণি।
সবশেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।
Please follow and like us: