খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন (BD Clean)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় এতিম শিশু, সংগঠনের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশব্যাপী কাজ করে যাওয়া বিডি ক্লিন গুইমারা উপজেলা শাখা এই আয়োজন করে। ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা এবং পরিবেশ রক্ষায় বিডি ক্লিনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিডি ক্লিন গুইমারা উপজেলা শাখার সমন্বয়ক অরুপ পালের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল, অতিরিক্ত সমন্বয়ক কুতুবউদ্দিন এবং দীঘিনালা উপজেলা উপ-সমন্বয়ক কামরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা উপ-সমন্বয়ক মো. সাইফুল ইসলাম, সহ-সমন্বয়ক মো. রহিম উদ্দিন, লজিস্টিক্স সমন্বয়ক মো. শিহাব, আইটি অ্যান্ড মিডিয়া সমন্বয়ক এহসান মাহামুদ, আইটি প্রতিনিধি রিংকন বড়ুয়া, লজিস্টিক্স মনিটর রেশমি আক্তার এবং ফিমেল লিডার মেথিনা চাকমা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় ১০ জন এতিম শিশুর অংশগ্রহণ। সংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের সঙ্গে নিয়ে একসাথে ইফতার করেন, যা অনুষ্ঠানে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩ জুন ফরিদ উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিডি ক্লিন বর্তমানে দেশের একটি সুপরিচিত অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। নদী-নালা ও রাস্তা পরিষ্কার রাখা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিডি ক্লিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
Please follow and like us: