, || - ||

গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
পার্বত্য চট্টগ্রামের শান্তি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সভায় পাহাড়ি অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি, মানবাধিকার সুরক্ষা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন কমান্ডার ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি নিশ্চিত করতে শুধু নিরাপত্তা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়; জনপ্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।
জোন কমান্ডার তার বক্তব্যে পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন,শান্তি ও উন্নয়নের জন্য মানবিক মূল্যবোধ বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ধর্মীয় শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
জোন কমান্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুকে সেনাবাহিনীর নাম ব্যবহার করে অপপ্রচার, গুজব ও ফেক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, এসব অপপ্রচার পাহাড়ের শান্তি বিনষ্ট করতে পারে, তাই তথ্য যাচাই ছাড়া কোনো কিছু প্রচার বা শেয়ার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোহরাওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুদ পারভেজ এবং জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী। তারা নিজ নিজ বক্তব্যে পাহাড়ি অঞ্চলে শান্তি বজায় রাখতে প্রশাসন, সেনাবাহিনী ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।
সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি এবং গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই পাহাড়ের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে জোন কমান্ডার পাহাড়ের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Please follow and like us: