বরিশালের গৌরনদী উপজেলায় শ্বাসকষ্ট, যক্ষা, জ্বর-সর্দি এবং ডায়রিয়া নিয়ে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর খবরটি আজ শুক্রবার ( ০৩ এপ্রিল) সকালে প্রচার হওয়ার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে মৃত ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, মারা যাওয়া ব্যক্তির নাম হাচার ফকির (৪৫)। তিনি গৌরনদী উপজেলার উত্তর বিল্বগ্রাম গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। বৃহস্পতিবার দিবাগত ভোররাতে তিনি মারা যান। বৃহস্পতিবার রাতে মাগুরা মাদারীপুর গ্রামের গোপাল চন্দ্র (৬০) নামের এক ব্যক্তি জ্বর-সর্দি ও শরীর ব্যাথা নিয়ে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে আসলে তাকে বরিশালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষযে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদ আমিরুল্লাহ জানান,মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাব টেষ্টে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে কোন করোনার লক্ষণ পাওয়া যায়নি। মৃত হাচান ফকির দীর্ঘদিন ধরে যক্ষা ও শ্বাসকষ্টে ভূগছিলেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। এক চিকিৎসকের নেতৃত্বে একটি টিম মৃতের নমুনা সংগ্রহ করেছেন। মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে মৃতের বাড়িটি বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
Please follow and like us: