চাঁদপুর মতলবের মত বিভিন্ন উপজেলায় বিশ্ব বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এলপিজি গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম এক লাফে ২০০ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আজ থেকে সারা দেশে এই বর্ধিত মূল্য কার্যকর হবে।
শনিবার (৪ জানুয়ারি) থেকে খুচরা বাজারে ভোক্তাদের প্রতি সিলিন্ডার (১২ কেজি) কিনতে হবে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১২০ টাকা দরে। গত বৃহস্পতিবার পর্যন্ত ভোক্তারা এসব সিলিন্ডার ৯০০ থেকে ৯২০ টাকায় কিনতে পারতেন।
পাইপলাইনের গ্যাসের স্বল্পতায় শহরে-মফস্বলে জনপ্রিয় হচ্ছে তরল এলপিজি। কিন্তু নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে গ্রাহককে। পূর্বঘোষণা ছাড়াই যখন-তখন এর দাম বাড়াচ্ছে বেসরকারি এলপি গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলো।
দাম বৃদ্ধির প্রক্রিয়ার মধ্যেই গত বৃহস্পতিবার থেকে বাজারে এলপিজির সংকট দেখা যায়। পরিবেশকরা খুচরা বিক্রেতাদের কাছে এলপিজি সরবরাহ বন্ধ করে দেন। ফলে খোলাবাজারে শুক্রবার এলপি গ্যাসের সংকট দেখা দেয়।
এ বিষয়ে যমুনা এলপিজির ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন বলেন, বিশ্ব বাজারে প্রতি টনে এলপিজি কাঁচামালের দাম ১৩২ ডলার বেড়েছে। তাই তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। তবে তিনি এও বলেন, দাম কমলে ভোক্তারাও কম দামে এলপিজি পাবেন।
উল্লেখ্য, দেশে চাহিদা অনুযায়ী বছরে ১৫ লাখ টনের বেশি এলপিজি সরবরাহ দরকার। তবে আমদানি ও বিক্রি হচ্ছে বার্ষিক প্রায় ১০ লাখ টন। এর মধ্যে ২০ হাজার টন এলপিজি সরকারিভাবে বিক্রি হয়। বেসরকারি যেসব কোম্পানি এলপিজি গ্যাস বিক্রি করছে সেগুলো হচ্ছে- যমুনা, বসুন্ধরা, ক্লিনহিট, টোটাল, ওরিয়ন, পেট্র্রোম্যাক্স, লাফার্স, জি-গ্যাস, ডেলটা, নাভানা ইত্যাদি।