ডুমুরিয়ার চুকনগর মোশকুড়া সরকারি জলমহলটি দুইজনকে ইজারা দেওয়ায় দখল পাল্টা দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এ সংবাদে ডুমুরিয়া থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর বিলের মোশকুড়া জলমহলটি দীর্ঘদিন ধরে ইজারা দেয়া হয়। সেই মোতাবেক যারা ইজারা পায় চুক্তির মেয়াদ অনুযায়ী তারা ভোগ দখল করে। কিন্তু খামারবাটি মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নিধিরঞ্জন বিশ্বাস চুক্তির সকল শর্ত ভঙ্গ করে চুকনগর গ্রামের মাষ্টার সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম বাবু ও দক্ষিণ চুকনগর গ্রামের শেখ আব্দুস সামাদের ছেলে হুসাইন শেখকে জলমহলটি ইজারা দিয়েছে। একই জলমহল দুইজনকে ইজারা দেওয়ায় উভয় পক্ষের কাছে ইজারা নেওয়ার সকল কাগজ পত্র রয়েছে। তবে পাউবো কর্তৃপক্ষের দাবি জলমহল ইজারা দেয়ার পরে হস্তান্তরযোগ্য নয়। পাউবো যাকে ইজারা দিবে সেই এটি ভোগ দখল করবে। খামারবাটি মৎস্যজীবি সমবায় সমিতি সকল শর্ত ভঙ্গ করেই ক্ষান্ত হয়নি। দুইজনকে ইজারা দেয়ায় এলাকায় অশান্তির সৃষ্টি করেছে। এতে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে গত মঙ্গলবার ও বুধবার সকালে জলমহলটি দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে। আবার বুধবার দুপুর ১২ টার দিকে উভয় পক্ষই পূর্ণরায় দখলের প্রস্তুতি নেয়। এসংবাদে সাথে সাথে ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মোঃ মাসুদের নেতৃত্বে এসআই ফরিদ হোসেন ও এসআই কাজল হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একটি শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জলমহলে না আসার জন্য অনুরোধ করেন। তবে এলাকাবাসীর দাবি যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার সকল দায়ভার সমিতির সভাপতি নিধিরঞ্জন বিশ্বাসকে নিতে হবে। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন বলেন, বৈধ কাগজ যার জলমহল তার। কাগজের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
Please follow and like us: