, || - ||

চৌদ্দগ্রামে অবৈধ গ্যাসভর্তি ৯৬ সিলিন্ডারসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে গ্যাস মজুদ করার সময় ৯৬ বোতল গ্যাস সিলিন্ডারসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো; নোয়াখালী জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত অজি উল্লাহ ছেলে মোঃ নুরুদ্দিন সুমন ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা গ্রামের মৃত রফিক আহমেদের ছেলে মীর আহমেদ। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার সিনিয়র সহকারী পরিচালক আশরাফুজ্জামান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে বিশেষ কায়দায় মিটার ছাড়া বড় সিলিন্ডার গ্যাস ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এতে করে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। অবৈধ গ্যাস পাচার প্রতিরোধকল্পে গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ টিম রোববার রাতে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহ করার সময় দুইজনকে হাতে নাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাবকে জানিয়েছে, বিভিন্ন সময় সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এছাড়াও বিভিন্ন কারখানায় চড়ামূল্যে গ্যাস বিক্রি করে থাকে। ফলে সরকার বছরে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার সিনিয়র সহকারী পরিচালক আশরাফুজ্জামান বলেন, ‘অবৈধভাবে গ্যাস পাচার বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে’।

Please follow and like us: