কুমিল্লার চৌদ্দগ্রামে কয়েলের আগুনে কৃষকের দুইটি ঘর পুড়ে ও তিনটি গরু মরে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রোববার ভোররাতে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে। আগুনে কৃষক স্বপন মিয়া প্রকাশ ছুট্টুর স্বপ্ন মুহুর্তের মধ্যে শেষ হয়ে যায়।
জানা গেছে, কেছকিমুড়া গ্রামের কৃষক স্বপন মিয়া প্রকাশ ছুট্টু ঋণ করে তিনটি গরু ক্রয় করে পালন করে আসছেন। আগামী ঈদুল আযহা উপলক্ষে লাভে বিক্রির উদ্দেশ্যে গরুগুলোকে ভালো মানের খাবার খাওয়ান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রোববার ভোর রাত তিনটার দিকে মশা তাড়াতে দেয়া কয়েলের আগুনে স্বপন মিয়ার গোয়াল ঘরে থাকা গরুগুলো পুড়ে মারা যায়। এছাড়াও পাশের রান্না ঘর ও ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের টের পেয়ে আশ-পাশের লোকজন উঠে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনে পাশের ঘরগুলোকে রক্ষা করে।
কৃষক স্বপন মিয়া প্রকাশ ছুট্টু বলেন, আমার শেষ সম্বল তিনটি গরু পুড়ে মারা গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারের কাছে সহযোগিতা চাই।
প্রতিবেশী ব্যবসায়ী তারেক হিমেল বলেন, ‘আগুনে কৃষক স্বপন মিয়ার দুইটি ঘর ও ঘরে থাকা তিনটি গরুসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সরকারের প্রতি কৃষক স্বপন মিয়ার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি’।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী ষ্টেশন অফিসার বিপ্লব বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে পাশে ঘরগুলো রক্ষা পায়।
Please follow and like us: