‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’-এ স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামেও দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। লাইভ স্টক এন্ড ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবি এম এ বাহার, রাশেদা আখতার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার। প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের সঞ্চালকের ভুমিকায় ছিলেন ভেটেনারি সার্জন ডা: এমদাদুল হক ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মোঃ নাহিদ হাসান।
প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, গয়াল, দুম্বা, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, টার্কি, তিতির, বিভিন্ন জাতের সৌখিন পাখি ও ঘোড়াসহ বিভিন্ন প্রাণী পুষ্টি প্রযুক্তি দুগ্ধজাত পণ্য প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এনিমেল র্যাম্পিং প্রদর্শিত হয়েছে। প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেলু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারীদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন এবং বেসরকারি উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণি সম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন হল প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য।