সোমবার , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌহালীতে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগ‌ঞ্জে নৌযানে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহল থেকে বালু ক্রয় করে বাল্কহেডযোগে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজে সরবরাহ করা হয়। কিন্তু চৌহালীর জোতদাড়া ঘাট এলাকায় যাতায়াতের সময় কিছু অসাধু চক্র বাল্কহেডের গতিরোধ করে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নৌযান আটকে রেখে শ্রমিকদের ওপর হামলা, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং এমনকি বালু বোঝাই বাল্কহেডে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করা হয়।

বাল্কহেড মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক সুজন সেখ, আল আমিন সেখ ও বাবলু সেখসহ অন্যান্যরা। তারা বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বালু পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন শেষে প্রতিনিধিদল জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম-এর হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং নৌযানে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে নির্দেশ প্রদান করেন।

নৌযান শ্রমিকরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please follow and like us: