নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাত মন্দির সড়কের অলী মিঝি বাড়ীতে দিনদুপুরে দুই নারী ও এক শিশুকে বিষাক্ত খাবার খাইয়ে অজ্ঞান করে ১৪ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৮৫ হাজার টাকা লুট করার অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর ১২ টার পর। ঘরের মালিক ছিদ্দিক উল্যাহ’র স্ত্রী তাহেরের নেছা (৫৮), ছিদ্দিক উল্যাহর ছেলে সাংবাদিক আবদুল হালিমের স্ত্রী ফারজানা আক্তার (২৪) ও আবদুল হালিমের শিশু ছেলে গাজী ওমর ফারককে (৫) বিষাক্ত খাবার খাইয়ে অজ্ঞান করেছে ডাকাত চক্র। পরে আলমিরার ভেতরে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়েগেছে অজ্ঞাত ডাকাত চক্র। ছিদ্দিক উল্যাহর ছেলে আবদুল হালিম জানায়, আমি ১২ টার পর ঘরে প্রবেশ করে দেখতে পাই আমার মা, স্ত্রী ও ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং আলমিরার দরজা খোলা। আমার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং পরিবারের সবাইকে ছাগলনাইয়া হাসপাতালে নিয়ে যাই। এখানকার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাথে মা ও স্ত্রী-সন্তানকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেছেন বিষাক্ত খাবার খাওয়ানোর কারনে রক্তে সমস্যা দেখা দিয়েছে। রিপোর্টটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তিনজনের জ্ঞান ফিরেনি বলে জানায় আবদুল হালিম।
বিষয়টি ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম জানতে পেরে ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠান। তবে এখনো এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়নি।
Please follow and like us: