জনগণের সেবা পেতে ইউনিয়ন পরিষদে আসতে হবে না, নির্বাচিত হলে আমিই আপনাদের কাছে ছুটে যাব। মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে এমন প্রতিশ্রুতি দিয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী একাব্বর আলী আকবর।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ছায়তানতলী পুরাতন বাজার এলাকায় আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ যেন সহজেই তাদের প্রয়োজনীয় সেবা পান, সে ব্যবস্থা করতে চান তিনি। এলাকার মানুষের সমস্যা ও দুর্ভোগের কথা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নেবেন। জনগণের প্রতিনিধি হিসেবে সব সময় মানুষের পাশে থাকতে চান তিনি।
নির্বাচনী এ উঠান বৈঠকে বিপুলসংখ্যক স্থানীয় সমর্থক ও এলাকাবাসী অংশ নেন। এ সময় উপস্থিত সমর্থকেরা হাজী একাব্বর আলী আকবরের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে ছায়তানতলী এলাকার বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।