ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর গত ১১ এপ্রিল রাত থেকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে ঠাকুরগাঁও জেলাকে। তারপরও কথা মানছে সাধারণ জনগণ। তাই আর বোঝাবুঝি নয়, অকারণে হাট-বাজার, রাস্তা-ঘাটে কাউকে ঘোরাফেরা করতে দেখলে লাঠির ভাষায় কথা বলছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকা, ভূল্লী বাজার, লক্ষ্মীরহাট, কদমরসুলসহ শহরের বিভিন্ন এলাকায় জনসমাগমসহ অযথা ঘোরাঘুরি করা মানুষদের লাঠি হাতে তাড়া করে এলাকা ছাড়া করে ডিবি পুলিশ।
এতে উপকারও মেলে। ডিবি পুলিশের উপস্থিতি দেখা মাত্র নিমিষেই সটকে পড়ে হাট-বাজারে অযথা ঘোরাফেরা করা মানুষেরা।
ডিবি পুলিশ জানায়, আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রদান করা হয়। এসময় কোন কারণ ছাড়াই যাদের অযথা ঘোরাফেরা করতে দেখা গেছে তাদের ধাওয়া করে বাড়ীতে ফেরত পাঠানো হয়েছে। এছাড়াও হাট বাজারগুলোতে যাতে অধিক সময় ধরে জনসমাগম না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।