জমে উঠেছে খুলনার ডুমুরিয়ার বড় বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘ ১৬ বছর পর আগামী ২৯ মে নির্ধারণ করা হয়েছে ভোটের দিন। ইতোমধ্যে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে বইছে ভোটের হাওয়া। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা বাজারের অলি গলি। বাজার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। তবে শান্তিপূর্ণ পরিবেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার সরদার জাহিদুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১৫টি পদে মোট ৬১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান খান, আলহাজ্ব মাহাবুবুর রহমান মিঠু ও শফিউল্লাহ গাজী, সহ-সভাপতি পদে হাফেজ মতিয়ার রহমান শেখ, এবিএম নাজিম উদ্দিন ও কাজি সাইফুর রহমান পিপলু, সাধারণ সম্পাদক পদে খান ইবাদুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, ফরিদুল ইসলাম খান ও ইউপি সদস্য আবু সুফিয়ান খান, সাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন সরদার ও বিল্লাল হোসেন সরদার, কোষাধ্যক্ষ পদে প্রভাস কুমার রায় ও রুহুল আমিন জোয়ার্দার, ক্রীড়া সম্পাদক পদে আলমগীর কবির ও তাপস কুমার রাহা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন সহ-সম্পাদক তৈয়বুর রহমান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল গফুর, দপ্তর সম্পাদক খান রবিউল ইসলাম, প্রচার সম্পাদক এখলাচুর রহমান মিল্টন, কার্যকারী সদস্য শাজাহান শেখ, মেহেদী হাসান তনু, মতিয়ার রহমান বাগাতি, উত্তম কুমার দাস ও সরদার আব্দুল জালাল। নির্বাচনী হালচাল ও পরিবেশ বিষয়ে জানতে চেয়ে কথা হয় সভাপতি প্রার্থী ইউপি সদস্য হাবিবুর রহমান খানের সাথে। তিনি নির্বাচনে পরিবেশ ভালো এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটি উল্লেখ করে তিনি বলেন নির্বাচিত হলে বাজার উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং চুরি বন্ধে অগ্রণী ভূমিকা থাকবে সর্বদা। অনুরূপভাবে সভাপতি প্রার্থী মাহাবুবুর রহমান মিঠু বলেন, নির্বাচিত হলে বড় বাজারকে একটি ব্যবসায়ী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সাধারণ সম্পাদক প্রার্থী খান এবাদুল ইসলাম বলেন, নির্বাচিত হলে মডেল মসজিদের পাশে অবস্থিত এ বাজারটিকে মডেল বাজার হিসেবে গড়ে তোলা হবে। থাকবে পানি নিষ্কাশনের ব্যবস্থা,সিসি ক্যামেরা স্থাপন ও পুরাতন ঐতিহ্য ফিরে আনতে প্রয়োজনীয় কর্মসূচি। ব্যবসায়ী আতিয়ার রহমান বিশ্বাস ও খোকন শেখ বলেন, ভোট যুদ্ধ হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক, উন্নয়নের প্রতিশ্রুতিতে কমতি নেই কোন প্রার্থীর। তবে সাধারণ ভোটাররা চুলচেরা বিশ্লেষণ করেই ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবেন।যে কমিটি দিয়ে বাজার উন্নয়ন ও পরিবেশ বান্ধব ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে আমরা আশাবাদী।
Please follow and like us: