আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনকে ঘিরে সাবেক এমপি আবদুর রহমান বদির প্রকাশ্য জনসভায় নৌকা বিরোধীদের এলাকা ছাড়া করার হুমকি দিয়ে সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় সাধারণ ভোটারদের মাঝে একপ্রকার আতঙ্ক বিরাজ করছে।
গত ২৩ নভেম্বর টেকনাফ কলেজ মাঠে একই তারিখ কাউন্সিলর প্রার্থী নুরশাদের বাড়ির উত্তর পাশের খোলা জমিতে আয়োজিত জনসভায় এবং গতকাল ২৫ নভেম্বর দক্ষিণ জালিয়া পাড়ায় জনসভায় প্রকাশ্যে বিরোধী প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকি দিয়ে বক্তব্য রাখেন সাবেক এমপি আবদুর রহমান বদি।
উল্লেখিত সভা সমূহতে সাবেক সাংসদ আবদুর রহমান বদি নৌকার প্রতিপক্ষের কর্মীদের ইয়াবা তকমা লাগিয়ে মেরে এলাকা ছাড়ার হুমকি ধমকি প্রদান করেন। সাবেক এমপি আবদুর রহমান বদি এক শত লাঠি নিয়ে প্রতিপক্ষকে অর্থাৎ নৌকা বিরোধী প্রার্থীর কর্মী সমর্থকদের এলাকা ছাড়া করার হুমকি দিয়ে নির্বাচনী আচরণ বিধির চরম লঙ্ঘন করেন।
সাবেক এমপির এমন হুমকি স্বরূপ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সাধারণ ভোটারদের মাঝে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে ধারণা করা যায়। উল্লেখ্য সাবেক এমপি আবদুর রহমান বদি বক্তব্য দেওয়া কালীন সময়ে যারা তার পাশে ছিলেন তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গোটা দেশব্যাপী কথিত রয়েছে যে টেকনাফ এলাকায় যত ইয়াবা কারবারি রয়েছে তাদের অধিকাংশ আবদুর রহমান বদির আশ্রয় প্রশ্রয়ে থেকে গোটা দেশব্যাপী ইয়াবার সাম্রাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে।
নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর আগে সাবেক এমপি আবদুর রহমান বদির এমন হুমকি ধমকিতে টেকনাফ পৌরসভার নির্বাচন কত টুকু সুষ্ঠু হবে জনমনে প্রশ্ন জেগেছে। এই বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জানতে চেয়ে একাধিকবার ফোন করলে কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।
টেকনাফ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুস শুক্কুর সিআইপি সাবেক এমপি আবদুর রহমান বদির এমন হুমকিতে টেকনাফ পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি মনে করেন না। তিনি আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, সাবেক এমপি আবদুর রহমান বদি সম্পর্কে তার বড় ভাই। নৌকার মনোনয়ন পাওয়া হাজী মোহাম্মদ ইসলাম তার চাচা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেকনাফ পৌরসভার সাধারণ মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন মেনে টেকনাফ পৌরসভার আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন। এতে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বড় ভাই সাবেক এমপি আবদুর রহমান বদি তার কর্মীদেরকে নানা ভাবে হুমকি ধমকি দিয়ে নির্বাচনে একক প্রভাব বিস্তার করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন। তিনি টেকনাফ পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এদিকে টেকনাফ পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে কোন ধরণের নির্বাচনী প্রচার প্রচারণা না করার জন্য জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তি জারী করলেও সাবেক সাংসদ আবদুর রহমান বদি সেই গণ বিজ্ঞপ্তির প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে কর্মীসভার নাম করে নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছেন।
সাবেক সাংসদ আবদুর রহমান বদির প্রকাশ্যে হুমকি ধমকি বন্ধ করে টেকনাফ পৌরসভায় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন টেকনাফ পৌরসভার সাধারণ ভোটারেরা।
Please follow and like us: