ডুমুরিয়ায় আলী আসগর লবি এমপির নির্দেশনায় তিন বিলের পানি নিষ্কাশন স্বাভাবিক করতে স্লুইস গেটের পলি ও আবর্জনা স্বেচ্ছাশ্রমে অপসারণের উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে পলি জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়। এতে কৃষি জমি, বসতবাড়ি ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে গেটের পলি অপসারণ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের ভায়নার বিল,কুড়িবিল ও বড় বিলের পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত বড়বিল স্লুইস গেটটির মুখে দীর্ঘদিন ধরে পলি ও বিভিন্ন ধরনের আবর্জনা জমে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত হলে পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় বিলসংলগ্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এ অবস্থায় কোনো সরকারি বরাদ্দ বা প্রকল্পের অপেক্ষায় না থেকে বিএনপি নেতা মিজানুর রহমান লিটনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে গেটের পলি ও আবর্জনা অপসারণে এগিয়ে আসেন। মঙ্গলবার সকালে স্লুইস গেটের মুখে দুই শতাধিক স্বেচ্ছাশ্রমের উদ্যোগে পলি অপসারণে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি তিন বিলের পানি দ্রুত নিষ্কাশনের পথ সুগম হবে বলে আশা করছেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সরদার আঃ গণি, বিএনপি নেতা মহসিন দফাদার,শহিদুল মোল্লা, খোদা বক্স শেখ, এরশাদ আলী শেখ, শফিকুল ইসলাম, শাহাজাহান খান, জনি সরদার,মিজানুর রহমান সহ অনেকে। স্থানীয়রা জানান, স্লুইস গেটটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় সংস্কার করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
Please follow and like us: