খুলনা-৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, ডুমুরিয়া-ফুলতলার মানুষের ভাগ্যোন্নয়ন করতে হলে বিল ডাকাতিয়া সহ ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসন করতে হবে। এ অঞ্চলে বিল ডাকাতিয়া জলাবদ্ধতা জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। আমি বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে চাই, এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। শুধু বিল ডাকাতিয়া নয়, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার আরও অনেক এলাকায় মৌসুমি জলাবদ্ধতার কারনে শস্য চাষ ও সবজি চাষীরা ক্ষতিগ্রস্থ হয়। একারনে এই বৃহৎ জনগোষ্ঠীকে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা করার জন্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। আর এইসব সমস্যা সমাধান করতে হলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, এজন্য নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে।
সভায় আগত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। এই ডুমুরিয়ার মাটিকে আমরা একটি অসাম্প্রদায়িক ডুমুরিয়ায় পরিণত করব। তিনি বুধবার বিকেলে আটলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসষ্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের এ সভায় সভাপতিত্ব করেন। মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই অভুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিষ্ট শেখ হাসিনার পলায়ন করলেও নতুন করে তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। একারনে যত দ্রুত দেশে একটি অবাধ সুষ্টু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ততই দেশের জন্য মঙ্গল। আগামী সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, বিনিময়ে এই এলাকার উন্নয়ন বুঝে নেবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, এ্যাডঃ তছলিমা খাতুন ছন্দা, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক ও জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রী, এ কে আজাদ, মশিউর রহমান লিটন, হাবিবুর রহমান হবি, এম এ সালাম, শেখ আবু শাহামা, মনিরুজ্জামান সোহাগ, তপন সাহা, অধ্যাপক মনিরুল হক, রমেন রায়, কবির হাসান ডাবলু, দেবব্রত রায়, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, শেখ মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা হলেও এক পর্যায়ে সভাস্থল লোকে লোকারন্য হয়ে যায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
Please follow and like us: