ডুমুরিয়ায় মাগুরাঘোনা ইউনিয়নে ম্যারেজ (কাজি) রেজিস্ট্রার না থাকায় ছেলেমেয়েদের বিবাহ দিতে ভোগান্তির স্বীকার হচ্ছে অভিভাবকরা। গত তিন বছর ধরে ভারপ্রাপ্ত ম্যারেজ রেজিস্ট্রার দিয়ে বিবাহের কাজ সম্পন্ন করা হচ্ছে।
জানা যায়, ১৯৭৪ সালে মাগুরাঘোনা ইউনিয়নে ম্যারেজ রেজিস্ট্রারের দায়িত্ব দেয়া মাওঃ সামসুর রহমান নামে এক শিক্ষককে। সেই তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। তবে গত ১৫/১০/২০১৯ সালে তিনি মারা যান। এরপর গত ১৫/০৯/২০২০ ইং তারিখে ৫ নং আটলিয়া ইউনিয়নের কাজি অধ্যাপক মনিরুল হককে ৬নং মাগুরাঘোনা ইউনিয়নের (অতিরিক্ত) ম্যারেজ রেজিষ্ট্রার (কাজি অফিস) এর দায়িত্ব দেয়া হয়। কিন্তু দুটি ইউনিয়নে একজন কাজি কাজ করা কঠিন হয়ে পড়ে। ঐ ইউনিয়নের আমিনুর রহমান, জাহিদুর, হামিদুর রহমান, শাহিনুর রহমান জানায়, ছেলেমেয়েদের বিবাহের সময় ম্যারেজকে ফোন দিলে অনেক সময় তিনি ফোন রিসিভ করেন না। আবার নির্ধারিত সময়ে তিনি বিবাহ অনুষ্ঠানে পৌছুতে না পারায় বিবাহ অনুষ্ঠানে আসা লোকজনের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তাছাড়া বেশির ভাগ সময় কাজি আসেন না। অন্য লোক পাঠিয়ে দিয়ে কাজ শেষ করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল বলেন, ইউনিয়নবাসীর ভোগান্তির কথা চিন্তা করেই অল্পদিনের মধ্যে যাতে আমরা কাজি নিয়োগ পেতে পারি সে জন্য কর্তৃপক্ষের কাছে জোর সুপারিশ করেছি। ভারপ্রাপ্ত কাজি অধ্যাপক মনিরুল হক বলেন,আমি চেষ্টা করি সঠিক সময়ে বিবাহ অনুষ্ঠানে গিয়ে সেবা দেয়ার জন্য। উপজেলা ম্যারেজ রেজিস্ট্রার কমিটির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, মাগুরাঘোনা ইউনিয়নে কাজি নিয়োগ প্রক্রিয়াধীন। অল্পদিনের মধ্যে নতুন কাজি নিয়োগ দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শরীফ আসিফ রহমার বলেন, বিষয়টি আমি জানতাম না। যখন জানলাম, তখন আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
Please follow and like us: