বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক আত্মগোপনে রয়েছেন। ফলে ইউনিয়ন পরিষদের সকল সেবা কার্যক্রম বন্ধ থাকায় অকার্যকর হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদ। আব্দুল খালেক আত্মগোপনে থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকার সেবা গ্রহীতারা। আর এ অবস্থায় এলাকার ভুক্তভোগী জনগণ ও সেবা গ্রহীতারা মানববন্ধন করেছেন চেয়ারম্যান খালেকের বিরুদ্ধে। সোমবার সকালে তালম ইউনিয়ন পরিষদ চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, সেবাবঞ্চিত জনগণের পক্ষে আলামিন হোসেন, আসিব ইকবার, আবুল কালাম আজাদসহ আরো অনেকে। এ সময়ে চেয়ারম্যান আব্দুল খালেকের অপসারণ দাবী করে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিশান সনদ, নাগরিক সনদসহ বিভিন্ন প্রকার সেবা না পেয়ে চরম বিপাকে পড়েছেন এসব প্রতিষ্ঠানে সেবা নিতে আসা ইউনিয়নের জনসাধারণ চেয়ারম্যান ও অন্য জনপ্রতিনিধির কক্ষ তালাবদ্ধ থাকায় কোন উপায় না পেয়ে ফিরে যাচ্ছেন সেবা গ্রহীতারা। সেবাগ্রহীতা জামাল মিয়া জানান, তিনি ওয়ারিশান সনদের জন্য এসেছেন। কিন্তু চেয়ারম্যান না থাকায় ফিরে যেতে হচ্ছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক বলেন, ব্যক্তিগত কারণে বাইরে আছি। সময় খারাপ যাচ্ছে। সময় অনুকুলে আসলে ইউনিয়ন পরিষদে যাব। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মাং মারমা বলেন, শুধু জন্মনিবন্ধন সনদের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরও চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: