সিরাজগঞ্জ-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হাসান আলীর (৪৪) ওপর হামলার ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বারুহাস ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হাসান আলী নিজে বাদী হয়ে মামলাটি করেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার অন্য আসামিরা হলেন তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বাসিন্দা ও নৌকার কর্মী-সমর্থক মোঃ ঝিন্টু (৪৩) মোঃ মান্তু (২৮) মোঃ বাবু (৩৩), মোঃ রানু (৫২) মোঃ আরজু (৩৯) এবং মোঃ মজিদ আলী (৫৭) মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন কৃষক লীগ অফিসে স্থানীয় লোকজনের সঙ্গে বসে চা খাচ্ছিলেন হাসান আলী। এ সময় আসামিরা নৌকার বিজয় মিছিল শুরু করেন এবং হাসান আলীকে দেখে বলেন,পার্টি অফিসে বসে ঈগলের নির্বাচন করেছে’। তারা লোহার রড, বাটাম ও রামদা নিয়ে হাসান আলীকে হত্যার উদ্দেশে পার্টি অফিসে ঢুকে মারপিট শুরু করেন। এতে হাসান আলীর মাথা ও চোখে আঘাত লেগে গুরুতর জখম হন। তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার মোবাইল নম্বরে ফোন দিলে বলেন, হামলার ঘটনা ঘটেনি। ধস্তাধস্তি হয়েছে। বরং হাসান আলী আমার ভাগনে শরীফুল ইসলাম বাবুকে মারপিট করেছে। এ বিষয়ে গত ৭ জানুয়ারি হাসান আলী ও ইউপি সদস্য বিপ্লবকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us: